সম্পাদকীয়, খোলা কলমঃ
গোপালগঞ্জ যেন ধীরে ধীরে এক অদ্ভুত ‘নিরাপদ ও নির্ঝঞ্ঝাট’ নগরীতে পরিণত হচ্ছে! দীর্ঘদিন ট্রেনের হুইসেল শোনা যায় না। রেল চলাচল বন্ধ থাকায় রেললাইনের আশপাশে শব্দদূষণও নেই।মোবাইল ব্যাংকিং সেবা সীমিত বা বন্ধ থাকায় অর্থ লেনদেনের ব্যস্ততাও অনেকটা থেমে গেছে।উন্নয়ন কার্যক্রম ও বরাদ্দ স্থগিত থাকায় রাস্তা সংস্কার কিংবা নির্মাণকাজের ধুলোবালিও আপাতত এড়িয়ে চলা যাচ্ছে!
সহিংসতায় ক্ষতিগ্রস্ত থানা ভবনগুলোর সংস্কারকাজও থমকে আছে।পুরোনো স্থাপনাগুলো যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।পুলিশি সেবা পেতে নাগরিকদের বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।
সব মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও নাগরিক সুবিধার যুগ থেকে গোপালগঞ্জবাসীকে যেন এক ধাক্কায় অতীতের বাস্তবতায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি অনেকটা রাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত এক অভিনব ‘শৃঙ্খলা গবেষণা’,যার ফলাফল ভোগ করছেন জেলার সাধারণ মানুষ।
প্রশাসনের বক্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।সমর্থকদের কেউ কেউ মনে করছেন, উচ্ছৃঙ্খল ও সহিংস ব্যক্তিদের নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
কিন্তু প্রশ্ন হলো, কিছু মানুষের অপরাধ, সন্ত্রাস কিংবা নাশকতার দায় কেন পুরো জেলার নিরপরাধ জনগোষ্ঠীর ওপর বর্তাবে?অপরাধীর পরিচয় শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।সেই দায়িত্ব পালনের পরিবর্তে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে তা কতটা ন্যায়সংগত?
এখানে রাজনৈতিক পরিচয়েরও কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। বর্তমান সরকার সমর্থক কিংবা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সবাই একই পরিস্থিতির মুখোমুখি। গোপালগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের অনুসারী ও সমর্থকরাও এই জেলার বাসিন্দা।ট্রেন চলাচল বন্ধ, মোবাইল ব্যাংকিংয়ের সীমাবদ্ধতা, উন্নয়ন কার্যক্রমের স্থবিরতা কোনো কিছুই দলীয় পরিচয় বিবেচনা করে নাগরিকদের ছাড় দিচ্ছে না।
এ যেন এক অভিনব ‘সাম্যবাদী দুর্ভোগ’; যেখানে অপরাধী ও নিরপরাধ, রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিক, ধনী ও দরিদ্র সবাইকে একই ভোগান্তির ভাগ নিতে হচ্ছে।
অথচ সাধারণ মানুষের চাওয়া খুবই সামান্য। তারা নিরাপদে ট্রেনে যাতায়াত করতে চান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠাতে চান, প্রয়োজনে থানায় গিয়ে সেবা পেতে চান, নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে চান। একজন শ্রমজীবী মানুষের দৈনিক আয়, ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা, শিক্ষার্থীর পড়াশোনা কিংবা অসুস্থ রোগীর চিকিৎসা এসবই স্বাভাবিক নাগরিক জীবনের অপরিহার্য অংশ।
এসব সুবিধা বন্ধ বা সীমিত হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সমাজের প্রান্তিক ও সাধারণ মানুষ। তাদের জীবন জীবিকা ব্যাহত হলে সেই ক্ষতির দায়ভার কে নেবে?
রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠা অবশ্যই জরুরি।নাশকতা, সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণও অনিবার্য।কিন্তু শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে যদি অপরাধীর পাশাপাশি নিরপরাধ মানুষকেও ভোগান্তির মধ্যে ফেলা হয়, তাহলে সেই ব্যবস্থার ন্যায়বিচার ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া রাষ্ট্রের কর্তব্য। কিন্তু অপরাধ না করেও যদি একজন সাধারণ নাগরিককে তার স্বাভাবিক নাগরিক অধিকার ও জীবনযাত্রা থেকে বঞ্চিত হতে হয়, তাহলে সেটি শৃঙ্খলা প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত পথ হতে পারে না।
‘হাতে মারতে না পারলে ভাতে মারো’এমন মানসিকতা যদি কোনো ব্যবস্থার অন্তর্নিহিত প্রতিফলন হয়ে দাঁড়ায়, তবে তার সবচেয়ে বড় শিকার হন নিরপরাধ মানুষ। আর রাষ্ট্রের শক্তি প্রকাশ পাওয়ার কথা অপরাধ দমনে, সাধারণ মানুষের জীবনকে সংকুচিত করার মধ্য দিয়ে নয়।
গোপালগঞ্জবাসী কি আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? কবে চালু হবে নাগরিক সুবিধাগুলো?আর কবে নিরপরাধ মানুষ মুক্তি পাবেন সম্মিলিত ভোগান্তি থেকে?
এই প্রশ্নগুলোর উত্তর ও কার্যকর সমাধান এখন সময়ের দাবি।
