রাজশাহী জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত বাঘা থানার শেখ আবু জামিল

দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটন, তিন আসামি গ্রেপ্তার ও অটোভ্যান উদ্ধার করায় স্বীকৃতি

এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলার অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন বাঘা থানায় কর্মরত এসআই শেখ আবু জামিল। দস্যুতার একটি মামলার রহস্য উদ্‌ঘাটন, ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া একটি অটোভ্যান উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মামুন অর রশিদ এসআই শেখ আবু জামিলের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে বাঘা থানায় দায়ের করা একটি দস্যুতার মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন এসআই শেখ আবু জামিল। তাঁর পেশাদারিত্ব ও দক্ষ তদন্তের মাধ্যমে ওই মামলায় জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দস্যুতার ঘটনায় নিয়ে যাওয়া একটি অটোভ্যানও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।

জানা যায়, এসআই শেখ আবু জামিল বাঘা থানায় যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে পিএসআই থেকে পদোন্নতি পেয়ে তিনি সাব-ইন্সপেক্টর (এসআই) পদে দায়িত্ব পালন করছেন।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় এসআই শেখ আবু জামিল সাংবাদিকদের বলেন, “সম্মানিত পুলিশ সুপার মহোদয় আমাকে রাজশাহী জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মানিত করায় তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অর্জন আমার একার নয়; চারঘাট সার্কেলের স্যার এবং বাঘা থানার অফিসার ইনচার্জ স্যারের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “এসআই শেখ আবু জামিলের এ অর্জন বাঘা থানা পুলিশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তাঁর এ সাফল্যে আমরা আনন্দিত। আশা করি, তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *