আবদুল্লাহ আল মাসুদ আরিফ: ইউরোপে উন্নত ফুটবল প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সাধারণ প্রবাসীদের পক্ষে তা সবসময় বহন করা সম্ভব হয়ে ওঠে না। তবে ইউরোপের উন্নত অবকাঠামো ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের মধ্য থেকে মানসম্মত ফুটবলার তৈরি করার অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
সম্প্রতি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় বাফুফে সভাপতি জানান, বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের জন্য জার্মানির একটি ক্লাবের সাথে যৌথভাবে দেশটিতে একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এই উদ্যোগ সফল হলে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সন্তানেরা সেখানে অংশ নিয়ে উচ্চমানের ফুটবল প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে এবং পরবর্তীতে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। দেশের ফুটবলের সামগ্রিক উন্নতিতে প্রবাসী বাংলাদেশিরাও যেন পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাফুফে সভাপতির এমন সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। তাঁরা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বাফুফেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ফিনল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জোরালো আশ্বাস
মতবিনিময় সভায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার ফিনল্যান্ডে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস স্থাপনের বিষয়ে বাফুফে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে তাবিথ আউয়াল জানান, তিনি ব্যক্তিগতভাবে ফিনল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন।
তিনি বলেন, বর্তমানে ফিনল্যান্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। এত বিপুল সংখ্যক প্রবাসীর সেবামূলক ও নানাবিধ প্রয়োজনের কথা মাথায় রেখে তিনি বিষয়টি সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সাথে সুপারিশ করবেন।
মতবিনিময় সভায় ফিনল্যান্ড বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামসুল গাজী ও রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, সহসভাপতি তাপস খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী, যুবনেতা আবদুল্লাহ আল মাসুদ আরিফ এবং সাজিত মুন্না
