নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে পাঠানো দুটি বার্তা ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বার্তাগুলোতে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানের প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে ‘Daydreamer’ নামের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে প্রথম বার্তাটি পাঠানো হয়। ইংরেজিতে লেখা ওই বার্তায় প্রাপককে শুভকামনা জানিয়ে বলা হয়, ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে।
এর প্রায় ৩৪ মিনিট পর, রাত ৯টা ৫৭ মিনিটে একই অ্যাকাউন্ট থেকে বাংলায় আরেকটি বার্তা পাঠানো হয়। সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের প্রতি সমর্থন জানিয়ে রক্তের শেষবিন্দু পর্যন্ত এই স্লোগান দিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দ্বিতীয় বার্তায় আরও বলা হয়, ডিসেম্বর মাসে জীবন-মরণের লড়াই হবে এবং জনগণ মৌমাছির মতো মাঠে নামবে। পাশাপাশি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাবার নির্দেশে ছোটবেলায় রাজপথে নামার স্মৃতিও উল্লেখ করা হয়। বার্তার শেষাংশে বাংলাদেশকে উদ্ধারের আহ্বান জানানো হয়েছে।
তবে গ্রেপ্তারের আগে এসব বার্তা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছিলেন এসপি জাহাঙ্গীর আলম। তাঁর দাবি ছিল, মোবাইল ফোন হ্যাক করে এসব বার্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে তিনি খুলশী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন বলে জানা গেছে।
এখন প্রশ্ন উঠেছে, আলোচিত বার্তাগুলো সত্যিই তাঁর অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল কি না এবং পাঠানো হয়ে থাকলে এর পেছনে কারা জড়িত ছিলেন? তিনি নিজেই এসব বার্তা পাঠিয়েছিলেন, নাকি তাঁর ফোন হ্যাক হওয়ার দাবি সত্য—তা নির্ধারণে প্রয়োজন প্রযুক্তিগত তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য।
