নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার শিকার জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের সঙ্গে থাকা নারীকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রিসোর্টে উঠেছিলেন হাসিব।
মঙ্গলবার (১০ নভেম্বর) শ্রীমঙ্গলে হাসিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তাঁর সঙ্গে একজন নারী ছিলেন। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটির গতিরোধ করে হাসিবের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।
জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁর রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই সকালে হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, হাসিব একজন নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেছিলেন। রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’ নামের কটেজে অবস্থান করছিলেন তাঁরা।
তিনি আরও জানান, হামলার ঘটনার পর থেকে আত্মরক্ষার জন্য হাসিব আত্মগোপনে রয়েছেন।
এদিকে, হাসিবের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে জাহিদ আহসান হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
