নিজস্ব প্রতিনিধিঃ এক তরুণীর ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগে মামুনুর রহমান কাচু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণাসহ মাদক কারবার, ছিনতাই ও ক্লিনিকে সন্ত্রাসী হামলার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। আজ সকালে মহানগরীর আলুপট্টি মোড় এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানার একটি চৌকস আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মামুনুর রহমান কাচু মহানগরীর আমবাগান এলাকার মৃত মোজাফফরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাহবুবা খাতুন নীলা নামের এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি কৌশলে তার ব্যক্তিগত ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। লোকলজ্জার ভয়ে তিনি বিভিন্ন মাধ্যমে দাবিকৃত টাকার একটি অংশ পরিশোধ করলেও অবশিষ্ট টাকার জন্য তাকে ক্রমাগত মানসিক চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। একপর্যায়ে ‘এখনই সময়’ নামের একটি ফেসবুক আইডি থেকে বাদীর ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ৪ জুন ২০২৬ তারিখে বোয়ালিয়া মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারাসহ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০০ ও ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৭)। এরপর থেকেই আইডিটির নেপথ্যে থাকা মূল হোতাকে শনাক্ত করতে সাইবার নজরদারি জোরদার করে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও সিটিটিসির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একজন নারীর দায়ের করা সাইবার অপরাধ ও চাঁদাবাজির মামলায় সুনির্দিষ্ট ডিজিটাল প্রমাণ ও তথ্যের ভিত্তিতে কাচুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
