বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বালুমহল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলার বিভিন্ন সড়কের সমস্যা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকি ফয়সাল তালুকদার বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধের পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।”
সভায় উপস্থিত সংশ্লিষ্টরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে সড়কের সমস্যা সমাধান, মাদক নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস অনন্যা, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
