নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
