অতি বৃষ্টির পর পেঁপে গাছে মড়ক, দিশেহারা রাজশাহীর কৃষক

আসগর আলী সাগরঃ অতি বৃষ্টির পর জমিতে পানি জমে যাওয়ার কয়েকদিনের মধ্যেই পেঁপে গাছের পাতা শুকিয়ে মরে যাচ্ছে। গাছে পর্যাপ্ত পেঁপে থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীর শাহ মখদুম থানার ফুলতলা এলাকার কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বৃষ্টিতে পেঁপে বাগানের জমিতে প্রায় দুই দিন পানি জমে ছিল। পরে পানি নেমে গেলেও কয়েকদিনের মধ্যে পেঁপে গাছের পাতাগুলো শুকিয়ে যেতে শুরু করে। বর্তমানে অনেক গাছের প্রায় সব পাতাই মরে গেছে। এতে ফলন ও গাছের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।

ফুলতলা এলাকার কৃষক মুরাদের প্রায় ১২ বিঘায় চাষকরা পেপের কৃষিজমিতেও একই চিত্র দেখা গেছে। গাছে পর্যাপ্ত পরিমাণ পেঁপে থাকলেও পাতাগুলো মরে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছেন। কী কারণে এমন হচ্ছে এবং কীভাবে গাছগুলো রক্ষা করা সম্ভব—এ বিষয়ে এখনো সঠিক সমাধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

কৃষকদের ধারণা, অতিরিক্ত বৃষ্টির কারণে দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকার প্রভাবেই পেঁপে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে এটি ছত্রাকজনিত রোগ, শিকড়ের সমস্যা নাকি জলাবদ্ধতার কারণে গাছের ক্ষতি—তা নিশ্চিত হতে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।

কৃষকরা দ্রুত কৃষি বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্ত গাছগুলো পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে অবশিষ্ট পেঁপে গাছগুলো রক্ষা করা যায়, সে বিষয়ে কৃষি অফিসের সহযোগিতা কামনা করেছেন তারা।

কৃষকদের ভাষ্য, সময়মতো সঠিক পরামর্শ ও ব্যবস্থা না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *