
কুমিল্লা প্রতিনিধি: টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ।
সোমবার (১৩ জুলাই) সকালে বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি পানি জমে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। পরিস্থিতির কারণে কয়েকজন পরীক্ষার্থীকে নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।
এদিকে সরকারি ও বেসরকারি অফিসগামীদেরও হাঁটুপানি মাড়িয়ে কর্মস্থলে যেতে হয়েছে। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং অনেক ছোট যানবাহন বিকল হয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও চরম জনভোগান্তি।
স্থানীয়রা জানান, অল্প সময়ের টানা বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তথ্য ও ছবি: বাংলা ট্রিবিউন
