
বাঘা রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ জুলাই বাঘা থানাধীন ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৬)-কে শুকনা গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত শহিদুল ইসলামকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে সাজা পরোয়ানা বাঘা থানায় পৌঁছালে তা কার্যকর করতে অভিযান শুরু করে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) প্রদ্যুৎ কুমার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্স সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ওসি সেরাজুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
