বাঘায় শুরু হচ্ছে ‘দুর্বার মিনি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’

আবু সাঈদ, বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে আয়োজন করা হয়েছে ‘দুর্বার মিনি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টে।

আয়োজক সূত্রে জানা গেছে, বাঘা পৌর এলাকার বাজুবাঘা নতুনপাড়া মসজিদের পাশে দুর্বার প্লে-গ্রাউন্ডে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় ও আশপাশের এলাকার মোট ১৬ টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলো।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঐক্যবদ্ধ চকরাজাপুর স্পোটিং ক্লাব ও জিলু ফুটবল একাদশ। এবং পরের দিন ৫ সেপ্টেম্বর, বাঘা মেডিকেল গেট ফুটবল একাদশ ও বাঘা রয়েল বেঙ্গল ক্লাব এবং নিশ্চিন্তপুর নবীন সংঘ ও গৌরাঙ্গাপুর  ফুটবল একাদশ মাঠে নামবে।

৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে চাকিপাড়া ইয়াং স্টার ও বারখাদিয়া বন্ধু একাদশ এবং মাউদপাড়া রয়্যাল ও ভোরের ডাক ফুটবল একাদশ। ৭ সেপ্টেম্বর খেলবে ফ্রেন্ড সার্কেল বাঘা ও ঐকবদ্ধ চক আমোদপুর একাদশ। আর ৮ সেপ্টেম্বর মাঠে নামবে এফসি বাংলা টাইগার ও আমোদপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি এবং আতিক স্পোর্টস ও সোনার তরী ৭১ জুনিয়র ফুটবল একাদশ।

এরপর পর্যায়ক্রমে, যেই ৪ টি দল টিকে থাকবে তাদের নিয়ে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি দলকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি আবহাওয়াজনিত কারণে কোনো ম্যাচ স্থগিত হলে তা আগেই সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা বলছেন, এলাকায় নিয়মিত এমন ক্রীড়া আয়োজন হলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এলাকাবাসী ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আয়োজকেরা জানান, ‘দুর্বার স্পোর্টিং ক্লাব, বাঘা, রাজশাহী’-এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আরও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তারা জানান।

 

টুর্নামেন্টটির অফিসিয়াল মিডিয়া পার্টনার ‘Bagha News Point’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *