
মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে অবস্থিত মেসার্স মহসিন কৃষি ঘরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিনের প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ সংরক্ষণ ও বিক্রির চেষ্টা, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগ সত্য প্রমাণিত হয়।
এসব অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অভিযান চলাকালে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ জব্দ করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার পুলিশ বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
