নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহ মখদুম থানার আহ্বায়ক মোঃ মমিনুর জামান টোকন বলেছেন, যুবদলের কার্যালয় যেন শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশেষ করে ১৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল বিএনপির নেতাকর্মীদের নতুন করে ভাবতে শিখিয়েছে। সেই শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
শুক্রবার নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান অতিথি ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন। এছাড়া শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আহ্বায়ক লিটন শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে রাজশাহী মহানগরসহ ১৭ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।