আসগর আলী সাগরঃ রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে মঙ্গলবার সকালে পুঠিয়ার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (Brent T. Christensen) ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সফরকালে তিনি হাট ঘুরে আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। এ সময় তিনি রাজশাহীর আমের গুণগত মান ও স্বাদের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ গ্রহণের জন্যই তিনি আমের মৌসুমে এখানে এসেছেন। তাজা ও সুস্বাদু আম খাওয়ার অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত আনন্দদায়ক বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি বাংলাদেশের আম রপ্তানির ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে কোল্ড চেইন ও হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এসব অবকাঠামোর উন্নয়ন হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আম আরও বেশি প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় ব্যবসায়ী ও আমচাষিরা মনে করছেন, মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের সফর রাজশাহীর আমকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে এবং বিদেশে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বানেশ্বর আম হাটে রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে ব্যবসায়ী, চাষি ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।