শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাঘায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাঘায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

রাজশাহীর বাঘায় শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাঘা শাহী মসজিদ গেট এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন স্থগিতের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। অবিলম্বে শাকসু নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

সমাবেশে বাঘা দক্ষিণ থানা শাখার সভাপতি আব্দুল জাব্বারের সভাপতিত্বে এবং বাঘা উত্তর ও দক্ষিণ থানা শাখার সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলাম ও বুরহান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি মো. রুবেল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি সবুজ মাহমুদ, রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন, রাজশাহী জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আব্দুল মোমিন, জেলা প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ ও জেলা মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান। এছাড়াও বাঘা উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাঘা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম।

কর্মসূচি চলাকালে মিছিলকারীরা শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Foxnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *