কেশরহাট বাজারের সেন্ট্রাল পয়েন্ট থেকে চৌরাস্তা পর্যন্ত সড়ক প্রশস্তকরণের দাবি

রাজশাহীর মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে কামারগাঁ সড়কের প্রশস্তকরণ ও সংস্কারকাজ চলমান থাকলেও কেশরহাট বাজারের গুরুত্বপূর্ণ অংশটুকু পর্যাপ্ত প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৃষ্টি আকর্ষণ করেছে কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের সঙ্গে সংযুক্ত কেশরহাট বাজারের ব্যস্ততম সেন্ট্রাল পয়েন্ট (মিডিল ফ্রন্ট পয়েন্ট) থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কটি যথাযথভাবে প্রশস্ত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এই অংশের সড়ক পর্যাপ্ত প্রশস্ত করা প্রয়োজন। অন্যথায় আগের মতোই জনদুর্ভোগ ও তীব্র যানজট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেশরহাটের সর্বস্তরের মানুষের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণ যে যৌক্তিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, বণিক সমিতি সবসময় সেই দাবির পক্ষে থাকবে।

এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে চলমান সড়ক উন্নয়নকাজের মধ্যেই গুরুত্বপূর্ণ এই অংশের প্রশস্তকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *