
রাজশাহীর নওদাপাড়ায় বিদেশি পিস্তল উদ্ধার, গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে
নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর নওদাপাড়া এলাকার ছায়া নীড় আবাসিক এলাকায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও নম্বরিংয়ের কাজ সম্পন্ন করে।
এদিকে, ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় এবং গুলিবিদ্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।