মোহনপুরে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ৩

 

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আতানারানপুর গ্রামের মাহিন্দ্রা চালক রহিম, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী নাসরিন ও ধোরসা গ্রামের রাজিব রয়েছেন। হাসপাতালে তাদের গুরুতর অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *