
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর অন্যতম বিনোদনকেন্দ্র শহীদ জিয়া শিশু পার্কের পরিধি বাড়ানো এবং শিশুদের জন্য আধুনিক বিনোদন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ জুলাই) রাজশাহীতে একদিনের সরকারি সফরের অংশ হিসেবে বিকেলে তিনি শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেন। এ সময় শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব ও শহীদ জিয়া শিশু পার্কের পরিচালক নাসিম খান প্রতিমন্ত্রী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সফরসঙ্গীদের পার্কের বিভিন্ন স্থাপনা, সৌন্দর্যবর্ধন কার্যক্রম ও বিদ্যমান রাইড ঘুরে ঘুরে দেখান। পার্কের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, শহীদ জিয়া শিশু পার্কের পরিধি বৃদ্ধি করা হবে। নতুন নতুন রাইড সংযোজনের পাশাপাশি স্থাপন করা হবে লাইভ ফিশ অ্যাকুরিয়াম ও বার্ডস অ্যাভিয়ারি। এছাড়া শিশুদের উপযোগী আধুনিক বিনোদনমূলক নানা সুবিধা সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এ পার্কটি দীর্ঘদিন অবহেলা ও অযত্নের কারণে তার সৌন্দর্য হারিয়েছে। বিএনপি সরকারের সহযোগিতায় পার্কটিকে আধুনিক রূপে সাজিয়ে রাজশাহীবাসীর জন্য একটি আকর্ষণীয় ও মানসম্মত বিনোদনকেন্দ্রে পরিণত করা হবে।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে শাহ মখদুম থানা বিএনপি, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্কে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানান এবং ফটোসেশনে অংশ নেন। এ সময় পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, পরিচালনা ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে পরিচালক নাসিম খান দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে পার্কটিকে শিশু ও পরিবারবান্ধব আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দেওয়ার প্রচেষ্টা স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।
