বাঘায় ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া ট্রাক উদ্ধার, মূল আসামিকে ধরতে অভিযান অব্যাহত

 

বাঘা  (রাজশাহী) প্রতিনিধি

 

রাজশাহীর বাঘায় চুরি হওয়া একটি ট্রাক ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চকনারায়ণপুর গ্রামের জীবনকৃষ্ণ সাহার ছেলে শ্রী জগদীশ সাহা গত শুক্রবার (১০ জুলাই) বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ জুলাই বিকেলে তার মালিকানাধীন ট্রাকের চালক নারায়ণপুর এলাকার শ্রী অসিত সাহার দোকানের সামনে ট্রাকটি রেখে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৭টার দিকে চালক ট্রাকটি ভাড়ায় চালানোর উদ্দেশ্যে এসে সেটি সেখানে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে মালিক, চালক ও হেলপার বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও ট্রাকটির কোনো সন্ধান না পেয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় ১০ জুলাই ২০২৬ তারিখে বাঘা থানায় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদের ওপর।

তদন্তের দায়িত্ব পাওয়ার পরপরই এসআই বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেন। তিনি নারায়ণপুর বাজার, চারঘাট ও বানেশ্বর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ট্রাকটির গতিপথ শনাক্ত করেন। পাশাপাশি তথ্যদাতা নিয়োগ, মোবাইল কললিস্ট বিশ্লেষণ এবং আশপাশের বিভিন্ন থানায় ট্রাকটির বিবরণ পাঠিয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রাখেন।

তদন্তের একপর্যায়ে ট্রাকটির সম্ভাব্য অবস্থান নিশ্চিত হয়ে বাঘা থানার একটি চৌকস পুলিশ দল পার্শ্ববর্তী পাবনা জেলার বাঙ্গুরা থানাধীন নওগাঁ বাজার এলাকার পরতকান্দিতে অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট থানার সহযোগিতায় শনিবার (১১ জুলাই) দুপুরে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চুরির সঙ্গে জড়িত মূল আসামি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, “চুরি হওয়া ট্রাকটি দ্রুত উদ্ধার করতে পারায় মালিকের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা আমাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করেছে। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, তারা অপরাধ সংঘটনের সময় কোনো না কোনো সূত্র রেখে যায়। তাই সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাই।”

 

২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া ট্রাক উদ্ধার করায় বাঘা থানা পুলিশের দ্রুততা, পেশাদারিত্ব ও তদন্ত দক্ষতার প্রশংসা করেছেন স্থানীয়রা। পুলিশের আশা, পলাতক মূল আসামিকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *