
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চকরাজাপুর চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের নিরাপত্তা ও আইনগত সেবার প্রত্যাশা পূরণ হয়েছে। চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নবনির্মিত চকরাজাপুর পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) প্রতিকূল আবহাওয়া, মুষলধারে বৃষ্টি এবং দুর্গম কাদাময় পথ অতিক্রম করে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পুলিশ ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা সার্কেল) মো. খালেদ হোসেন, বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল হক এবং চারঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার ৭ নম্বর চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চল দীর্ঘদিন ধরে ভৌগোলিক বিচ্ছিন্নতা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে পুলিশি সেবা থেকে অনেকটাই বঞ্চিত ছিল। আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো ঘটনায় মূল ভূখণ্ড থেকে পুলিশ পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যেত। এতে চরবাসীকে নানামুখী ভোগান্তির শিকার হতে হতো। এ বাস্তবতা বিবেচনায় সরকার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। অপরাধ দমন, দ্রুত পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে ফাঁড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ ফাঁড়ির উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, আগে ঝড়-বৃষ্টি কিংবা জরুরি পরিস্থিতিতে পুলিশের সহায়তা পেতে অনেক সময় অপেক্ষা করতে হতো। এখন চরেই পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ায় নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ অনেকটাই কমবে। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হওয়ায় তারা সরকার, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
