বাঘা (রাজশাহী) প্রতিনিধি।
হাজার বছরের লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীতে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়। আয়োজনটি চলবে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত।
নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের মাঝি-মাল্লারা নৌকা চালনা ও দাঁড় টানার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নৌকাবাইচ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বাঘা, চারঘাট, লালপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। নৌকাবাইচ চলাকালে ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’সহ বিভিন্ন লোকজ গানের সুর, ঢোল-করতাল ও বাঁশির শব্দে মুখর হয়ে উঠবে পদ্মার পাড়।
নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় প্রায় ৫০০টি ছোট-বড় দোকান বসেছে। এসব দোকানে মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, প্লাস্টিক পণ্যসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। মেলায় শিশুদের বিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২৩ সালে এ নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছিল। কয়েক বছর পর আবারও এমন আয়োজন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করতে পদ্মার তীরে আসছেন।
নৌকাবাইচ মেলা কমিটির সভাপতি মো. তোজাম্মেল হক তাজুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তাঁর পরিবর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পুত্র ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নৌকাবাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ ডাবলু,রাজশাহী জেলা কৃষক দলের রুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম স্বপন সরকার, কোষাধ্যক্ষ মো.সুলতান আলী, মো. বজলুর রহমান, আলহাজ্ব মোক্তার আলী, বাঘা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, তাজিজুল ইসলাম নাহিদ, মো. জিল্লুর রহমান, হাফিজুর রহমান ও মো. মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব আলম জনি।
এ সময় স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নৌকাবাইচ ও গ্রামীণ মেলার মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন তারা।
