রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঘা থানার সেরাজুল হক

এম ইসলাম দিলদার বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক। অক্টোবর ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওসি মো. সেরাজুল হক গত প্রায় ১১ মাস ধরে বাঘা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসের দায়িত্ব পালনকালে উপজেলা ব্যপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখা ও অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান,আদালত কর্তৃক প্রেরিত থানার প্রাপ্তির অধীক আসামি জেলা ও জেলার বাহির হতে গ্রেপ্তার এ পরোয়ানা বাস্তবায়ন,স্বর্ণ,চুরি হওয়ার অটোভ্যানসহ একাধিক ভিকটিম উদ্ধারের ক্ষেত্রে তাঁর ভূমিকার মূল্যায়ন করে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সেরাজুল হক সাংবাদিকদের বলেন, “সম্মানিত পুলিশ সুপার মহোদয় আমাকে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মানিত করায় তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অর্জন আমার একার নয় চারঘাট সার্কেল স্যারসহ এটি বাঘা থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”

মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার জেলার প্রতিটি ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অনলাইন প্রতারণা প্রতিরোধ, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জেলার প্রতিটি থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাতের টহল কার্যক্রম আরও জোরদার এবং টহল টিমগুলোকে অধিক সক্রিয় থাকার নির্দেশনা দেন পুলিশ সুপার। সভায় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

শীত মৌসুমের শুরুতে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় শীতের পোশাক সঙ্গে রাখার বিষয়েও নির্দেশনা দেন তিনি।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হকের এ অর্জনে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাঘা থানা পুলিশের সব সদস্যের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *