রাজশাহীতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সাহেব বাজার এলাকায় সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি সাহেব বাজারস্থ সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাসিক প্রশাসক। এ সময় মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থানগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সেগুলো নতুনভাবে নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রশাসক।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন মো. মাহফুজুর রহমান রিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *