মোহনপুরে ৫০পিস ট্যাপেন্টাডলসহ জনতার হাতে আটক এক মাদক কারবারি,পলাতক দুই

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল হান্নান (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার মাটিকাটা উত্তরপাড়া এলাকায় মাদক কেনাবেচার সময় তাকে আটক করা হয়।

এ সময় মাদক কারবারে জড়িত অভিযোগে আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মাটিকাটা উত্তরপাড়া এলাকায় পলাতক আসামি মো. নাজির উদ্দিন ওরফে বাবুর বাড়ির উত্তর পাশে বাঁশঝাড়সংলগ্ন স্থানে মাদক কেনাবেচা চলছিল। এ সময় স্থানীয় জনতা আব্দুল হান্নানকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে এবং অপর দুই মাদক কারবারি নাজির উদ্দিন ওরফে বাবু (৩৫) এবং হেলাল (৩৮) পালিয়ে যায়।

পরে বিষয়টি স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে জানানো হয়। খবর পেয়ে এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক হান্নানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার আব্দুল হান্নানের পাশাপাশি পলাতক মাটিকাটা গ্রামের নুর মোহম্মদের ছেলে মো. নাজির উদ্দিন ওরফে বাবু এবং খয়রা গ্রামের মৃত শরীফের ছেলে হেলালকে আসামি করা হয়েছে।

পুলিশের দাবি, মামলার আসামিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছ থেকেও তাদের বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণ সাপেক্ষ।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আব্দুল হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *