নিজস্ব প্রতিনিধি : ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের মহান আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির শুরুতে সকাল ৮টায় রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে সমাহিত জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর বীর শহিদ মো. সাকিব আনজুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর সকাল ৯টায় জেলা প্রশাসক রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি পালিত
