নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুইজন মাদকাসক্তকে আটক করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক ২১৯ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন (প্রায় ১ দশমিক ৬ কেজি), ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, দুটি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, তিনটি ডিভিআর এবং স্বর্ণ সদৃশ অলংকার (তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট) উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সহকারী পুলিশ কমিশনার (গাছা/টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, ডিবি, এপিবিএন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, আটক ২
