নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমান, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য কয়েকজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। বেস্ট ইন ফিল্ড অ্যাকটিভিটিজ এবং সার্বিকভাবে বেস্ট প্রবেশনার নির্বাচিত হন সহকারী পুলিশ সুপার (প্রশিক্ষণার্থী) ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। বেস্ট শ্যুটার হিসেবে স্বীকৃতি অর্জন করেন এ বি এম মামুন এবং বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পান আবু নুমান মোহাম্মদ খায়রুল ইসলাম।
পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, সমাপনী কুচকাওয়াজে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৭ জন এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজনসহ মোট ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
