
চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতায় রাজশাহীতে একটি অত্যাধুনিক এবং পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আজ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সরকার দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক ও বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে এই বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ করা হবে। এছাড়াও, এই প্রকল্পের আওতায় একটি স্বতন্ত্র ডেন্টাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ১২ তলা ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং স্থানীয় শিশু হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রী নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। আপনারা কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে আজ চিকিৎসক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এখন আপনাদের প্রধান দায়িত্ব হলো রোগীদের প্রতি অত্যন্ত মানবিক ও অমায়িক আচরণ করা। শুধুমাত্র প্রেসক্রিপশন লিখলেই চলবে না, রোগীদের সাথে আপনজনের মতো আচরণ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।” তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার নামে আপনারা যে পবিত্র শপথ নিয়েছেন, তার প্রতিটি কথা যেন আপনাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের মাধ্যমে প্রতিফলিত হয়।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সভাপতি ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খোন্দকার মোঃ ফয়সাল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল হক।
এর আগে অনুষ্ঠানের শুরুতে এমবিবিএস ৬২তম ব্যাচের ২১৬ জন কৃতি ইন্টার্ন চিকিৎসক আনুষ্ঠানিকভাবে পেশাগত শপথ গ্রহণ করেন।
