মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শাহদৌলা স্পোর্টস একাডেমির নতুন জার্সি উন্মোচন

আবু সাঈদ, বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শাহদৌলা স্পোর্টস একাডেমি-র নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির সভাপতি আবু হেনা মোস্তফা জামান বাপ্পি ও পরিচালক আবু হেনা মোস্তফা কামাল রানার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সির উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক বাঘা শাখার প্রিন্সিপাল অফিসার মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির খেলোয়াড়, সদস্য এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

২০০৫ সালে প্রতিষ্ঠিত শাহদৌলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি যুবসমাজকে মাদকাসক্তি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে।

 

বর্তমানে একাডেমিটির সদস্য সংখ্যা ১৫০ জনেরও বেশি। এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়। একাডেমির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজুর রহমান রিপন, সভাপতি আবু হেনা মোস্তফা জামান বাপ্পি এবং পরিচালক আবু হেনা মোস্তফা কামাল রানা।

 

দীর্ঘ দুই দশকের পথচলায় শাহদৌলা স্পোর্টস একাডেমি রাজশাহী জেলার অন্যতম সুনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাফল্য অর্জনের পাশাপাশি এ একাডেমির একাধিক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

 

প্রতিবছর বছরের বিভিন্ন সময় ক্রিকেট, ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করছে একাডেমিটি। বাঘা উপজেলার তরুণদের খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রতিষ্ঠানটির অবদান স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো খেলোয়াড় তৈরি নয়, বরং একজন আদর্শ মানুষ গড়ে তোলাই শাহদৌলা স্পোর্টস একাডেমির মূল লক্ষ্য। এজন্য স্থানীয় অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তারা। পাশাপাশি তারা সন্তানদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *