
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
জাতীয় বেতন কমিশন–২০২৫ কর্তৃক সুপারিশকৃত নবম পে-স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাঘা-এর সিএ/উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রব।
এ সময় বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের আনুমানিক ৯০ থেকে ১০০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু হয়ে আমচত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশায় রয়েছেন। দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।প্রতিবাদ কর্মসূচি বেলা ১১টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।