রাজশাহী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের একজন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের সন্তান।
নিহত সেনাসদস্যের নাম সৈনিক গানার মোঃ রিফাত। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আসাদুল ইসলাম। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সেনাসদস্যের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে পূর্বনির্ধারিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সামরিক বিধি অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে রিফাতের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর তাঁর নিজ গ্রাম বিন্দারামপুরসহ পবা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। দেশমাতৃকার সেবায় নিয়োজিত অবস্থায় তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।
স্থানীয়রা মরহুম সৈনিক রিফাতের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।
