মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খয়রা গ্রামে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডল।
বক্তব্যে ইউনুস আলী মন্ডল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি যুবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাহলেই একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়রা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
