বাঘা থানা চত্বরে ওসির উদ্যোগে অর্ধশতাধিক ফলজ বৃক্ষ রোপণ

এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বাঘা থানা চত্বরে অর্ধশতাধিক ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হকের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘা থানার ওসি (তদন্ত) শ্রী সুপ্রভাত মন্ডল, এসআই রবিউল ইসলাম, এসআই শেখ আবু জামিল সহ থানার অন্যান্য পুলিশ সদস্য।

এদিকে বৃক্ষরোপণের পাশাপাশি থানা চত্বরের পুকুর সংস্কার এবং থানার ভেতরে থাকা পুরোনো রাস্তাগুলোও সংস্কার করা হয়েছে। এতে থানা প্রাঙ্গণের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ওসি মোঃ সেরাজুল হক বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে এবং জীবন বাঁচাতে বৃক্ষের কোনো বিকল্প নেই। বাঘা থানা চত্বরে যেসব ফাঁকা জায়গায় গাছ রোপণের উপযোগিতা রয়েছে, সেসব স্থানেই আমরা ফলজ বৃক্ষ রোপণ করেছি।”

তিনি আরও বলেন, “এর আগে বগুড়ার গাবতলী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে থানা চত্বরে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেছি। পাশাপাশি পুকুর সংস্কার করে থানা প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধি করেছি। ব্যক্তিগতভাবেও বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে আমি মানসিক প্রশান্তি অনুভব করি।”

বাঘা থানা চত্বরে বৃক্ষরোপণ, পুকুর ও পুরোনো রাস্তা সংস্কারের এ উদ্যোগ স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং থানা প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *