
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল অবস্থার কারণে ভ্যান উল্টে আশ্বাব আলী (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশ্বাব আলী বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ইনছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে অবস্থিত একটি উঁচু ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় সেখানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শনিবার দুপুরে আমোদপুর গ্রামের কুদ্দুসের আম বোঝাই একটি ভ্যান ব্রিজে ওঠার সময় পেছন থেকে ঠেলে সহায়তা করছিলেন আশ্বাব আলী। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আমভর্তি ক্যারেট ভ্যানের নিচে চাপা পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন ভ্যান ও ক্যারেট সরিয়ে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, বাঘা ও চারঘাট উপজেলার কৃষকদের আম পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। কিন্তু ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক ও ব্রিজের সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি জানিয়ে বলেছেন, সময়মতো সংস্কারকাজ করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।