নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় মাদকবিরোধী গণস্বাক্ষরে অংশ নেওয়ায় আইনজীবীর ওপর “হা’ম’লা, পা ভা’ঙা ও মাথায় “গু’রু’তর জ’খ’ম

বগুড়ায় মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়ায় আইনজীবী, সাবেক ব্যাংকার এবং স্থানীয় কচিকণ্ঠ কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এ কে এম আব্দুল হান্নান আজাদ (৬৫)-এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার একটি পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার আছির উদ্দিন সড়কে কচিকণ্ঠ কিন্ডারগার্টেন স্কুল মাঠসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হান্নান আজাদ জানান, সম্প্রতি চকসূত্রাপুর ও বাদুড়তলা এলাকায় মাদকের বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া উপপরিচালক বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে একটি গণআবেদন করা হয়। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেই আবেদনে স্বাক্ষর করেন। এরপর থেকেই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে স্কুল মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন হামলাকারী লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তার পা ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাতের কারণে ১৯টি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
