গভীর রাতেও মানবিক সেবায় শামীম সরকার, সংস্কার করলেন নারায়ণপুর বাজারের ভাঙা সড়ক

এম ইসলাম দিলদার,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা পৌরসভার নারায়ণপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা সড়কের কয়েকটি অংশ সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে বাঘা আমচত্বর থেকে নারায়ণপুর বাজারের শেষ প্রান্ত পর্যন্ত সড়কের বেশ কয়েকটি ভাঙা অংশ সংস্কার করা হয়। স্থানীয়দের চলাচলের সুবিধা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ব্যক্তিগত উদ্যোগে তিনি এ সংস্কারকাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নারায়ণপুর বাজারের মূল সড়কের ৫-৬টি স্থানে পানির লাইন স্থাপনের জন্য রাস্তা কাটা হয়। পানির লাইন স্থাপনের কাজ শেষ হলেও দীর্ঘ সময় ধরে কাটা অংশগুলো সংস্কার করা হয়নি। ফলে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে রাতে এসব ভাঙা অংশে দুর্ঘটনার আশঙ্কা ছিল বেশি।
এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “রাস্তা ভাঙা থাকার কারণে বিগত সময়ে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই গভীর রাতে রাস্তার ভাঙা অংশগুলো সিমেন্ট, বালি,খোয়ার মিশ্রণে সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, জনসাধারণের সমস্যার সমাধানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে অসহায় মানুষ, চিকিৎসাধীন রোগী, এতিম শিশু, বৃদ্ধ ও বয়স্ক নারীদের সহযোগিতায় তিনি কাজ করে যাচ্ছেন। মানুষের সেবায় সবসময় পাশে থাকার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
দীর্ঘদিন পর সড়কের ভাঙা অংশ সংস্কার হওয়ায় স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *