রাজশাহীতে জুলাই আন্দোলন ঘিরে করা মামলাকে পুলিশের মিথ্যা দাবি,আসামিদের অব্যাহতি বাদীকে আদালতের সমন জারি

রাজশাহী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের পর রাজশাহীতে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় বাদীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলার আসামিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সভাপতি রমজান আলী এবং নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ আরও অনেকে।

আদালত সূত্রে জানা যায়, নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার বাসিন্দা ও শ্রমিকদল নেতা শাহজাহান আলী ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০২৪ সালের ১৭ জুলাই দুপুর পৌনে ৩টার দিকে আব্দুল মোমিনের নেতৃত্বে একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির একটি আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এছাড়া বাড়ির সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো এবং আশপাশের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও আনা হয়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

মামলাটি গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে সর্বশেষ তদন্তের দায়িত্ব পান ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। তদন্ত কার্যক্রম তদারকি করেন আরএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিআইজি পদমর্যাদার) নাজমুল হোসেনসহ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার এজাহারে উল্লেখ করা সাক্ষীদের ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়। পাশাপাশি বাদীর বাড়ির আশপাশের বাসিন্দা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তবে তাদের কেউই অভিযোগে উল্লেখ করা দিনে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা বোমা বিস্ফোরণের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

এছাড়া তদন্তের স্বার্থে বাদীকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে বলা হলেও তিনি তা করতে পারেননি। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ অনুসন্ধানেও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এসব বিষয় বিবেচনায় মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া সোমবার (৯ নভেম্বর) বলেন, প্রকাশ্যে ও গোপনে ব্যাপক অনুসন্ধান চালিয়েও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশীসহ এলাকার অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। কেউই এ ধরনের ঘটনার বিষয়ে কিছু জানেন না। বাদীও কোনো প্রত্যক্ষদর্শী হাজির করতে পারেননি। এ কারণে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক আশিকুর রহমান বাদী শাহজাহান আলীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *