আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীদের পাঠানো একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনের আওতায় বাংলাদেশের দায়িত্বের বিষয়টি উল্লেখ করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের যোগাযোগ এই প্রথম বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথাও তিনি রয়টার্সকে জানিয়েছেন। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
এদিকে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তবে নির্বাসনে থাকা অবস্থায় তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার পতনের পর তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছে রয়টার্স।
তবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, তাঁর প্রত্যাবর্তন সেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স (৯ নভেম্বর ২০২৬)
