বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় নকল ও ভেজাল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় থাকা ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং পরবর্তী কার্যক্রম বন্ধ রাখতে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় সংশ্লিষ্টদের এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা ভেজাল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। এ সময় বাঘা থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, “নকল ও ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাতকরণ অত্যন্ত গুরুতর অপরাধ। এসব ওষুধ মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব ওষুধ ব্যবহারের ফলে সাধারণ মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।
