রাজশাহীতে বিজিবির উদ্ধার করা ২৬ কষ্টিপাথরের মূর্তি ও ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব প্রত্নসম্পদ ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি দলের কাছে উদ্ধার করা প্রত্নসম্পদগুলো হস্তান্তর করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারী এসব প্রত্নসম্পদ হস্তান্তর করেন।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। তাই প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

উদ্ধার হওয়া প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সেগুলোর সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে বলেও জানায় বিজিবি। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *