প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রতিবাদ লিপি
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে ‘মোহনপুরে ৬৫ বছরের বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও একপাক্ষিক।
আমি আনসার আলী মীর, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। প্রকাশিত সংবাদে আমাকে একজন বয়স্ক নারীকে মারধরের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনাটি নারীদের মধ্যে পারিবারিক/স্থানীয় বিরোধ ও কথাকাটাকাটিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় আমি কোনো নারীকে মারধর করিনি এবং কারও গায়ে হাত তোলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদে আমার বক্তব্যের একটি অংশ প্রকাশ করা হলেও ঘটনার সার্বিক বাস্তবতা ও প্রত্যক্ষ পরিস্থিতি যথাযথভাবে যাচাই না করেই আমাকে অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
আমি আইন ও প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। তদন্তের মাধ্যমে যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় আমার কোনো আপত্তি নেই। একইভাবে, তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে আমার বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে প্রকৃত বিষয়টি জনগণের সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি।
আমি গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর করে একজন ব্যক্তিকে অপরাধী হিসেবে উপস্থাপন না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বিষয়টি পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ করছি।
আনসার আলী মীর
সাধারণ সম্পাদক
ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি
চেয়ারম্যান পদপ্রার্থী, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ
মোহনপুর, রাজশাহী
