বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলিহার হাজীপাড়ায় বর্ষার পানি নিষ্কাশনে পাইপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিবুজ্জামান রাকিব। তাঁর উদ্যোগে ও এলাকার দায়িত্বশীল যুবসমাজের সহযোগিতায় পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বলিহার হাজীপাড়ার বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলসহ দৈনন্দিন কাজে দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রাকিবুজ্জামান রাকিব পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনের ব্যবস্থা করেন।
রাকিবুজ্জামান রাকিবের উদ্যোগে স্থাপন করা পাইপের মাধ্যমে জমে থাকা বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে পানি জমে থাকার সমস্যা ও স্থানীয়দের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিবুজ্জামান রাকিব বলেন, এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই পানি নিষ্কাশনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার দায়িত্বশীল যুবসমাজের সহযোগিতায় কাজটি করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ওয়ার্ডের মানুষের প্রয়োজন ও সমস্যার কথা বিবেচনা করে পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।
