কাটাখালীতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর ঘটনায় কিশোর গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর কাটাখালীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় বিকেল ৫টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশির জন্য সংকেত দেওয়া হয়। তবে তারা পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ সময় তারা দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *