চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম।
আজ দুপুর সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলায় পৌঁছান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উপজেলা পরিদর্শনের শুরুতেই তিনি উপজেলা পরিষদ শিশু পার্ক উদ্বোধন করেন।
পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং স্কাউট সদস্যদের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করেন তিনি। এরপর চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিস, সরদহ ইউনিয়ন ভূমি অফিস, চারঘাট পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এসব দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল চারঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর করা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠু ও যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
