রাজশাহী প্রতিনিধি: “খেলবে রাজশাহী, জিতবে দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মোহনপুরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। রানার্সআপ হয়েছে দুর্গাপুর দল।
ফাইনাল খেলাকে ঘিরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তৈরি হয় উৎসবের আমেজ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন প্রায় ৩০ হাজার দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।
খেলা শেষে বিজয়ী মোহনপুর দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। একইসঙ্গে প্রতিযোগিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়ার জন্য মোহনপুর ও দুর্গাপুর উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি ফাইনাল ম্যাচে অংশ নেওয়া দুই দলকে অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সুন্দর ও সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, “খেলবে রাজশাহী, জিতবে দেশ। সবার আগে বাংলাদেশ।”
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের মতে, বিপুল দর্শকের উপস্থিতি প্রমাণ করেছে রাজশাহীতে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা এখনও অটুট রয়েছে।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মোহনপুর
