মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার নবযোগদানকৃত উপপরিচালক মোস্তফা কামাল হোসেন মোহনপুর উপজেলার বিভিন্ন সারের দোকান আকস্মিক পরিদর্শন করেছেন। কৃষকদের মাঝে সঠিক মূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই পরিদর্শন পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন খুচরা ও পাইকারি সারের দোকান ঘুরে দেখেন, সারের স্টক রেজিস্টার যাচাই করেন এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা প্রদান করেন। এ সময় সারের কৃত্রিম সংকট রোধ এবং কোনো ধরনের অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি।
উপপরিচালকের এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, পবা উপজেলা কৃষি অফিসার এম এ মান্নান এবং স্থানীয় উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তারা কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং ডিলারদের স্বচ্ছতা বজায় রেখে সার বিতরণে সজাগ থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মোহনপুরে সারের দোকান পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার নতুন উপপরিচালক
