এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া বেলালের মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ হানিফ ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেস্ট টিউমারে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ভোগান্তির মধ্যে ছিলেন। চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে একপর্যায়ে তিনি বাড়িতে ফিরে আসেন। এতে তার পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়।
পরবর্তীতে হানিফ ইসলামের পরিবারের পক্ষ থেকে বিষয়টি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে অবহিত করা হয়। বিষয়টি জানার পর তিনি হানিফ ইসলামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন এবং তার অপারেশনের ব্যবস্থা করেন।
পরবর্তীতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হানিফ ইসলামের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেড রেস্টে রয়েছেন।
অপারেশন সফল হওয়ার পর হানিফ ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। এ সময় তিনি হানিফ ইসলামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
হানিফ ইসলামের পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার সময়ে চিকিৎসা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় ছিলেন। শামীম সরকার বিষয়টি জানার পর পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। হানিফ ইসলামের চিকিৎসা ও অপারেশন সফল হয়েছে—এটাই সবচেয়ে আনন্দের বিষয়। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই কামনা করি।
স্থানীয়রা জানান, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজের অন্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
