জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদকে কারাগারে প্রেরণ করায় উদ্বেগ

প্রতিবাদলিপিঃ

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক এবং রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক সাংবাদিক মো. সুরুজ আলীকে একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মামলায় কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।

সংগঠনের সভাপতি মো. নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এক যৌথ বিবৃতিতে বলেন, একজন দায়িত্বশীল ও পেশাদার সংবাদকর্মী হিসেবে মো. সুরুজ আলী আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। একজন সাংবাদিককে এভাবে কারাগারে পাঠানো স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের অবাধ চর্চার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা স্বাধীন গণমাধ্যমের চেতনার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত স্বাধীনতাকেই ক্ষুণ্ন করে না, বরং সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের স্বাধীন ও নির্ভীকভাবে দায়িত্ব পালনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ এবং তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে সংগঠন অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবে। একই সঙ্গে তারা সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আন্দোলনে একযোগে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতিদাতা
মো. নুরে ইসলাম মিলন
সভাপতি
ফয়সাল আজম অপু
সাধারণ সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা
রাজশাহী বিভাগীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *